মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
বরিশাল, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাগত কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকেন এমন ভোটারাও বরিশাল ফিরছেন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এ কারণে বরিশালগামী বাস-লঞ্চগুলোতে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার রাতে ঢাকা থেকে বরিশালে আসা সুন্দর-৭ লঞ্চের যাত্রী মোহাম্মদ মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার নির্বাচন। ভোট দেওয়ার জন্যই স্ত্রী-বাচ্চা নিয়ে বাড়ি (বরিশাল) যাচ্ছি।"
তার পরিচিত অনেকেই ভোট দেওয়ার জন্য বরিশাল যাচ্ছেন বলেও জানান তিনি।
মিন্টুর সঙ্গে কথা বলার সময় পাশের আরও তিন যাত্রী জানালেন, তারাও ভোট দেবেন বলে বাড়ি ফিরছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে বরিশালগামী যানবাহনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার রাতে আসা লঞ্চগুলো বরিশাল পৌঁছানো মাত্র কেবিনগুলোতে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। তারা জানান, প্রত্যেক কেবিন তল্লাশি করার নির্দেশ রয়েছে তাদের ওপর।
বরিশালে এবার মেয়র পদে ১০ জন, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১৪৫ জন এবং দশটি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২২১৩ ঘ.
bdnews24