২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারা' আমাকে রাষ্ট্রপতি করার কথা দিয়েছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ দলীয় জোটকে ইঙ্গিত করে বলেছেন, তাকে রাষ্ট্রপতি করা হবে বলে 'তারা' কথা দিয়েছে। তিনি বলেন, "আমি মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আমাকে রাষ্ট্রপতি করা হবে বলে তারা কথা দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

রংপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ দলীয় জোটকে ইঙ্গিত করে বলেছেন, তাকে রাষ্ট্রপতি করা হবে বলে 'তারা' কথা দিয়েছে। তিনি বলেন, "আমি মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আমাকে রাষ্ট্রপতি করা হবে বলে তারা কথা দিয়েছে।" শনিবার সকালে সদর উপজেলার নগর মীরগঞ্জ হাইস্কুল মাঠে এক পথ সভায় এরশাদ এ কথা বলেন। মহাজোট হওয়ার আগে তার কিছু শর্ত আছে জানিয়ে এরশাদ বলেন, " রংপুর অঞ্চলের ২২টি আসনের মধ্যে ২১টিতে আমরা জয়ী হলে আমাকে রাষ্ট্রপতি করতেই হবে। এছাড়া বঞ্চিত রংপুরে উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করতে হবে।" এরশাদ বলেন, "১৯৯১ ও '৯৬ সালে কারাগারে থাকা অবস্থায় আমি রংপুরের ৫টি আসনে জয়ী হয়েছিলাম। ২০০১ সালে অযোগ্য ঘোষণা করায় নির্বাচন করতে পারি নাই। এবার আমি মুক্ত মানুষ হিসেবে জীবনের শেষ নির্বাচন করতে চাই।" সভায় নিজেকে রংপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করে জনগণের কাছে ভোট চান এরশাদ। সদর উপজেলা চেয়ারম্যান পদে দলের জেলা সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং নিজের ভাইপো আসিফ শাহরিয়ারকে রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দেওয়ার আহবান জানান জাতীয় পার্টি প্রধান। সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এরশাদ রংপুর সদর উপজেলার আজিজুল্লা হাই স্কুল, রঘুনাথগঞ্জ, সাহেব বাজার, খলিশা কুড়ি, চৌধুরী বাজার ও পরশুরামসহ ১০টি স্থানে পথসভায় বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২১২৮ঘ.