২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি দাবিতে বিএনপির মানববন্ধন

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিএনপি। গুলিস্তান, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, লালবাগ,সদরঘাটসহ বিভিন্ন থানায় দুপুরে এই কর্মসূচি পালিত হলেও মতিঝিল ও পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে পুলিশের বাধায় কর্মসূচি পালন করা যায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিএনপি। গুলিস্তান, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, লালবাগ,সদরঘাটসহ বিভিন্ন থানায় দুপুরে এই কর্মসূচি পালিত হলেও মতিঝিল ও পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে পুলিশের বাধায় কর্মসূচি পালন করা যায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তার ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিও জানায় বিএনপি। সকাল সাড়ে ১১টায় গুলিস্তানে গোলাপ শাহ'র মাজারের সামনে মানববন্ধনে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর বিএনপির সহসভাপতি আবু সাঈদ খান খোকন, মোহাম্মদ নাসির প্রমুখ। গয়েশ্বর রায় বলেন, "আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। দেশের বর্তমান সঙ্কটের উত্তরণ যদি সরকার চায়, তবে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।" তারেক রহমানকে চিকিৎসার জন্য এখনও বিদেশ না পাঠানোর সমালোচনাও করেন তিনি। রামপুরার বাজারে যুবদলের সহসভাপতি মুহিবুল হাসান স্বপনের নেতৃত্বে, খিলগাঁওয়ে জহির উদ্দিন বাবুলের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ নেতা-কর্মী অংশ নেয়। শান্তিনগর মোড়ে, লালবাগে আজাদ মাঠের কাছে স্থানীয় নেতাদের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। মতিঝলে বিমান কার্যালয়ের সামনে বিএনপিকর্মীরা মানববন্ধনের জন্য জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ চার জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। ভিক্টোরিয়া পার্কের সামনে মানববন্ধনের জন্য অর্ধশতাধিক নেতা-কর্মী জড়ো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহও সেখানে উপস্থিত ছিলেন। তবে পুলিশি বাধায় ওই কর্মসূচি পালন করতে না পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে কিছু সময় অবস্থান ধর্মঘট করেন হান্নান শাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.