২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ব্যাপারে দলের সিদ্ধান্তের বিপক্ষে নন মান্নান ভূঁইয়া

জরুরি অবস্থা তুলে নিয়ে সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া। তিনি বলেছেন, এ ব্যাপারে দল যে সিদ্ধান্ত নিয়েছে তিনি তার বিপক্ষে নন। বৃহস্পতিবার বিকেলে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এসব দাবির কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নিয়ে সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া। তিনি বলেছেন, এ ব্যাপারে দল যে সিদ্ধান্ত নিয়েছে তিনি তার বিপক্ষে নন। বৃহস্পতিবার বিকেলে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি এসব দাবির কথা বলেন। বুধবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির এই সাবেক মহাসচিব বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, "আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি কারাগারে যাওয়ার আগেও বলেছি, এখনও বলছি, দলের ঐক্যের কোনো বিকল্প নেই। আমি যে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম তা দলকে বিভক্ত করার জন্য নয়, বরং দেশের মানুষের কাছে দলকে গ্রহণযোগ্য ও শক্তিশালী করার জন্য।" দলে ঐক্য প্রতিষ্ঠায় ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাবেন বলে জানান মান্নান ভূঁইয়া। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, "এ ব্যাপারে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি তার বিরুদ্ধে নই। আমি মনে করি, সবার আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তবে বর্তমান সরকার বলেছে তারা রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়। তাই উপজেলা বা স্থানীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এ বিষয়ে কোনো পক্ষেরই কঠোর হওয়া উচিত না।" দলের সংস্কার প্রসঙ্গে মান্নান ভূঁইয়া বলেন, "আমার নেত্রী খালেদা জিয়াও দলের সংস্কারের পক্ষে। তিনি কারাগারে থাকায় আপাতত এ প্রস্তাবের বাস্তবায়ন সম্ভব নয়। আমি আশা করি, নেত্রী মুক্তি পাওয়ার পর সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেবেন।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারের বিষয়ে দলের কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। চিকিৎসাধীন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, "তারেক গুরুতর অসুস্থ। দেরি না করে তাকে বিদেশে পাঠানো দরকার।" একইসঙ্গে বিএনপির তরিকুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, লুৎফুজ্জামান বাবর; আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ও মোহাম্মদ নাসিমকে মুক্তি দিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে মান্নান ভূঁইয়া বলেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে গেলেও বাস্তবে দাম কমেনি, বরং বেড়েছে। সাধারণ মানুষ চরম কষ্টে আছে। ওএমএস বা অন্য কোনো ব্যবস্থায় বাজারের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। গরীব মানুষের জন্য সারাদেশে রেশন চালু করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জেকে/এসকে/১৯৫৯ঘ.