২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর সঙ্গে বৈঠকের একদিন পর দেলোয়ারের সঙ্গে বসলেন সৌদি দূত

বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে বুধবার বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসির আল-বাশিরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে বুধবার বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসির আল-বাশিরি। নতুন এ রাষ্ট্রদূত এর একদিন আগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন। খোন্দকার দেলোয়ারের সঙ্গে বৈঠকের পর আবদুল্লাহ নাসির সাংবাদিকদের বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবেই বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেছি।" বৈঠকে অভ্যন্তরীণ রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা হয়নি দাবি করে সৌদি রাষ্ট্রদূত বলেন, "রাজনৈতিক বিষয়ে কোনও আলাপ হয়নি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের মতবিনিময় হয়েছে।" খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, সৌদি আরবে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অবস্থা তুলে ধরে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য তিনি সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। সংলাপের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে বলে দুই উপদেষ্টার দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, "এটা সঠিক নয়।" যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সোমবার এবং শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সংলাপে বসার বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি ও চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। সৌদি রাষ্ট্রদূত আল-বাশিরি মঙ্গলবার জামায়াত আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫৫ ঘ.