২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনও মানতে রাজি নন দেলোয়ার

'৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনও মানতে রাজি নন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি সংশোধন না করে ওই আইনেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনও মানতে রাজি নন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি সংশোধন না করে ওই আইনেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় চারদলীয় জোটের এক সমাবেশে তিনি বলেন, ''সংসদে পাস হওয়া পুরনো আইনেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে নির্বাচনের যে উদ্যোগ নিচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।'' নির্বাচন সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করার এখতিয়ার বর্তমান সরকারের নেই দাবি করে দেলোয়ার বলেন, শুধু নির্বাচিত সংসদই নির্বাচনী আইন নির্ধারণ করতে পারে।'' কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে জোটের আয়োজনে 'নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক কর্মকাণ্ড বন্ধ' শীর্ষক প্রতিবাদ সমাবেশে সরকারের প্রতি পুরো নির্বাচন কমিশনকে অপসারণ করারও দাবি করেন দেলোয়ার। বলেন, ''এ নির্বাচন কমিশন পক্ষপাত দোষে দুষ্ট। ২০০৬ সালে যেভাবে চায়ের আমন্ত্রণ দিয়ে নির্বাচন কমিশনকে বিদায় করে দেওয়া হয়েছিল, এবারও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের একইভাবে বিদায় দিতে হবে।" তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন সরকারের নীলনকশা বাস্তবায়নের কাজ করছে। ''একটি পাতানো নির্বাচনের মাধ্যমে তারা (নির্বাচন কমিশন) গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি তাঁবেদার সরকার প্রতিষ্ঠা করতে চায়।" কারাবন্দি অসুস্থ তারেক রহমানের জীবনাশঙ্কার উল্লেখ করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে "সরকার খুনের মামলায় অভিযুক্ত হতে পারে" বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন খালেদা জিয়ার মনোনীত মহাসচিব দেলোয়ার। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি পুনরুল্লেখ করে তিনি বলেন, ''কোনো শর্ত দিয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধ্য করা ও তার ছেলেকে নিয়ে ছিনিমিনি খেলার ষড়ডন্ত্র জনগণ মেনে নেবে না।'' মহাসচিব বলেন,'' চিকিৎসকরা বার বার বলছেন তারেকের অবস্থা অত্যন্ত খারাপ। দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো না হলে তিনি পঙ্গুত্ব অথবা মৃত্যুবরণ করতে পারেন।'' জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন; বিএনপিকে বিভক্ত করার কাজে লিপ্ত; সংসদে প্রতিনিধিত্ব নেই এমন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠান; সংসদ ছাড়া নির্বাচনী আইন প্রণয়ন, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণসহ ১২ টি অভিযোগ উত্থাপন করে কমিশনকে 'একপক্ষ' ও 'বির্তকিত' বলে মন্তব্য করেছেন। দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহসভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী, জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৪৬ ঘ.