ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপিনেতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংলাপের দায়িত্বপ্রাপ্ত ড. হোসেন জিল্লুর রহমান আলোচনার মাধ্যমে 'শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেছেন। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মনোভাব জানান।
মুক্তির জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে নয়, বরং সরকারই শর্ত দিচ্ছে--বিএনপি নেতা এমকে আনোয়ারের এ মন্তব্য তুলে ধরে সরকারের দেওয়া কথিত শর্ত সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা জিল্লুর রহমান সরাসরি জবাব দেননি।
জিল্লুর বলেন, "আমাদের কাছে ফলাফলই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন বিতর্ক নয়। তাই বিতর্কের সৃষ্টি হয় এমন কোন বিষয় নিয়ে কোন মন্তব্য করবো না। তবে আমরা চাই ফলপ্রসু আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে আসতে। সম্মিলিত চেষ্টার মাধ্যমে ভাল ফলাফল আনতে পারবো বলেই আমাদের বিশ্বাস।"
কবে থেকে আবার সংলাপ শুরু হবে, এ প্রশ্নের উত্তরে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা বলেন এ ব্যাপারে 'সঠিক সময়েই' জানানো হবে। আগামী ৩০ জুলাই রাজশাহী এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
২৯টি সংলাপ অনুষ্ঠানের পর বেশ কয়েকটি দল বাকি থাকলেও সংলাপ বন্ধ রয়েছে।
হোসেন জিল্লুর জানান, প্রধান উপদেষ্টা রাজশাহী এবং সিরাজগঞ্জের ওই সংলাপে যোগ দেবেন। এর পর বাকি দলগুলোর সঙ্গে সংলাপের প্রক্রিয়া শুরু হবে যার সময় পরে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১১ঘ.
bdnews24