ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোন প্রকার আলোচনা করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাসিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
উপজেলা নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের কারণে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কি না- প্রশ্নের জবাবে আনোয়ারুল ইকবাল এ কথা জানিয়ে বলেন, "উপজেলা নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই কোন আলোচনার প্রয়োজন হলে সেটিও নির্বাচন কমিশনই করবে।"
পাশপাশি চার সিটি কর্পোরেশনে নির্বাচন শেষে অক্টোবর মাসেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলেও জানান তিনি।
এর আগে আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনায় মাসিক সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আ ত ম ফজলুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৬১৪ ঘ.
bdnews24