ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের শর্তের কারণে খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে দাবি করেছেন সদ্য জামিনে মুক্ত বিএনপির সহ সভাপতি এমকে আনোয়ার।
শনিবার শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলুন ওড়ানো কর্মসূচি উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহও সেখানে ছিলেন।
এমকে আনোয়ার বলেন, "সরকারের জুড়ে দেওয়া শর্তের কারণেই নেত্রীর মুক্তি বিলম্বিত হচ্ছে। আমরা তার আশু নিঃশর্ত মুক্তি চাই।"
তবে সরকারের দেওয়া শর্তের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
খালেদা জিয়া মুক্ত হলে দলের ভেতরে ভুল বোঝাবুঝি ও অনৈক্য দূর হয়ে যাবে বলে মনে করেন এমকে আনোয়ার।
গ্যাটকো দুর্নীতি মামলায় অন্তরীণ এম কে আনোয়ার গত সপ্তাহে হাইকোর্ট জামিনে মুক্ত হন। এ মামলায় খালেদা জিয়াও আসামি।
হান্নান শাহ বলেন, "আমাদের নেত্রীকে এভাবে আটকে রাখা কোনোভাবে দেশের জনগণ মেনে নেবে না। সরকারকে বলব, তাকে মুক্তি দিন। আমরা তার মুক্তির দাবিতে এ প্রতিকী কর্মসূচি পালন করছি।"
এরশাদের মহাজোটে যাওয়ার প্রতিক্রিয়ায় হান্নান শাহ বলেন, "এরশাদ অতীতে মহাজোট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন। মহাজোটে কিছু হবে না।"
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বেলুন ওড়ানো কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নয়া পল্টনে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেলুন উড়ানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, আনভীর আদিল বাবু, আনসার আলী, সেকান্দর কাদের, আশরাফুল হক পিটু, আবদুল্লাহ সেলিম প্রমুখ নেতাবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৪৪৩ ঘ.
bdnews24