২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন ভবিষ্যতে মানদণ্ড বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ভবিষ্যতে মানদণ্ড হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচন ভবিষ্যতে মানদণ্ড হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ছবিসহ ভোটার নিবন্ধন তালিকা তৈরি শেষ করা উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, "২০০৮ সালের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে। আমরা চাই, এ নির্বাচন শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যই হবে না; ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। ছবিসহ ভোটার তালিকার মাধ্যমেই এমন নির্বাচন সম্ভব হবে।" নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন করার পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ তিনি বলেন, "আশা করি নির্বাচন কমিশন অক্টোবরের মধ্যে ভোটার তালিকা ছাপানো শেষ করে উপজেলা নির্বাচন আয়োজন করবে এবং জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরে।" সারাদেশে আট কোটি পাঁচ লাখের বেশি ভোটার তালিকাভুক্তির উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "আজ জাতির জন্যে একটি স্মরণীয় দিন, উৎসবের দিন। এতো অল্প সময়ে আট কোটির বেশি ভোটারের নিবন্ধন কোনো দেশে সম্ভব হয়েছে বলে আমার জানা নেই। কম্পিউটারাইজড ভোটার নিবন্ধন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথে একটি মাইলফলক।" ছবিসহ ভোটার নিবন্ধন কার্যক্রমে আর্থিক, কারিগরি ও মাঠ পর্যায়ে সহযোগিতার জন্যে নির্বাচন কমিশন, সশস্ত্রবাহিনী, দাতা দেশ ও সংস্থা, সরকারি-বেসরকারি সংস্থাসহ দেশের জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, "ছবিসহ ভোটারদের নিবন্ধন শেষ করার মাধ্যমে বাংলাদেশ একটি গৌরবময় অধ্যায়ে প্রবেশ করেছে। এর মাধ্যমে ভোটারদের ক্ষমতায়ন হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, আগামী অক্টোবরের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা চূড়ান্ত মুদ্রণের কথা রয়েছে।" তিনি জানান, ঢাকায় কেন্দ্রীয় সার্ভার কক্ষ এবং জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভার কেন্দ্র স্থাপনের মাধ্যমে আগামী বছরের মাঝামাঝি থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম শুরু হবে। বিশেষ অতিথির বক্তৃতায় ভোটারদের প্রতি আগামীতে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বচিত করার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেন, "ছবিসহ ভোটার তালিকা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য। এবারের তালিকায় ৮ কোটি ৫ লাখ ভোটার হয়েছে। গতবারের তালিকায় ভোটার ছিল ৯ কোটি ৩০ লাখ। এতেই বোঝা যায়, সেখানে কত ভুয়া ভোটার ছিল। ওই তালিকা নিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত।" ২০০৮ সালের ডিসেম্বরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচনের আশা প্রকাশ করে সশস্ত্র বাহিনীসহ সবার অংশগ্রহণে স্বল্প সময়ে এ প্রকল্প শেষ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেজালিয়েন বলেন, "এক বছরের মধ্যে এ অর্জন সম্ভব হওয়ায় বাংলাদেশ প্রমাণ করেছে- এ জাতি পারে না, এমন কিছু নেই।" অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা ছাড়াও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, বিমান ও নৌবাহিনী প্রধান, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের সবাইকে তালিকাভুক্ত করতে সময় লেগেছে একবছর। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত বছর আগস্টে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন; আর এ বছর জুলাইয়ে তা শেষ হলো। এর আগে গত সপ্তাহে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সর্বশেষ ৯ জুলাইয়ের হিসাবে মোট ৮ কোটি ৫ লাখ ২২ হাজার ভোটার নিবন্ধিত হয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ পর্যন্ত আর স্বল্প সংখ্যক ভোটার নিবন্ধিত হতে পারে। এ সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না। এবার ছবিসহ ভোটার তালিকার ভোটারের হার মোট জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ। ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল করা নির্বাচনের ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৩৩ লাখ যা ছিল মোট জনসংখ্যার ৬২ শতাংশ। ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন পুর্নগঠন করে সরকার। ২০০৭ সালের ১০ থেকে ৩০ জুন গাজীপুরের শ্রীপুরে ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য পাইলট প্রকল্প পরিচালনা করে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে ১৪ আগস্ট থেকে মাঠ পর্যায়ে শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১৪৮ ঘ.