২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ভিআইপির আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

শেখ হাসিনা, আবদুল জলিল, মান্নান ভূঁইয়া, শামসুল ইসলামসহ ১৭ ভিআইপির মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা, আবদুল জলিল, মান্নান ভূঁইয়া, শামসুল ইসলামসহ ১৭ ভিআইপির মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমাদুল হক আজাদের বেঞ্চ সোমবার নতুন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। যাদের মামলা বাতিল ও জামিন আবেদনের ওপর শুনানি মুলতবি করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সালমান এফ রহমান, এ কে এম রহমত উল্লাহ, আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), দলের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম। বিএনপি নেতাদের মধ্যে আছেন দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বরিশালের মেয়র মজিবর রহমান সারোয়ার, সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টু। জামায়াত নেতা ড. আবদুল্লা মোহাম্মদ তাহেরের আবেদনের শুনানিও মুলতবি করেছে আদালত। এছাড়া, একই ধরনের আরো ১৬টি মামলা বাতিল ও জামিনের আবেদনের শুনানিও আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এসব আবেদনের শুনানির নির্ধারিত দিনে সোমবার অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সময়ের আবেদন জানান। আদালতকে তিনি বলেন, 'এসব ক্ষেত্রে জামিনের আবেদন করা হয়েছে। জরুরি অবস্থায় এ ধরনের মামলায় হাইকোর্ট জামিনের আবেদন বিবেচনা করতে পারবে না। আপিল বিভাগ এ বিষয়ে রায় দিয়েছে।' তিনি শেখ হাসিনার মামলার প্রসঙ্গ তুললে আদালত বলেন, 'শেখ হাসিনা প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে গেছেন। মনে হয় তিনি জামিনের আবেদন করেননি। তিনি ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারায় মামলা বাতিলের আবেদন জানিয়েছেন।' দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আদালতকে জানান, এ ধরনের মামলায় হাইকোর্ট তরিকুল ইসলামসহ পাঁচজনকে জামিনের যে আদেশ দিয়েছিল তা রোববার স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ। আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেন, যে ধরনের মামলায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সে ধরনের মামলার ক্ষেত্রে করা আবেদনের ওপর এ আদালত শুনানি গ্রহণ করবে না। কিন্তু অনেক মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় দেওয়া হলেও সেগুলোতে আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করা হয়নি। কেবল অভিযোগপত্রে তাদের নাম রয়েছে। আদালতের সহজাত (ইনহারেন্ট) ক্ষমতা প্রয়োগ করে কি আমরা সে মামলাগুলো বাতিল করে দিতে পারব না?' আদালত আরো বলেন, 'দুর্নীতি দমন কমিশন আইনে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন এরপরও না দিলে আসামিরা কি কারাগারে থাকবে। তারা কি কোনো সুযোগ পাবে না। অসহায় হয়ে যাবে? এ ধরনের মামলায় আদালত রুল জারি করতে পারে।' শুনানিতে আসামি পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "মামলা বাতিলের আবেদন শোনার ক্ষমতা হাইকোর্টের সহজাত ক্ষমতা। প্রতিটি নাগরিকের আইনের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে।" ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "দুদক আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন না দিলে আসামি কোনো প্রতিকার পাবে না তা হতে পারে না। আসামি জামিন পাবে না এ ধরনের আইন সভ্য দেশে থাকতে পারে না।" আদালত এ সময় জানায়, নতুন অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন। তিনি মামলাগুলো পরীক্ষা করে দেখবেন। তাই রোববার এগুলোর ওপর শুনানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯১৬ ঘ.