ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি কখনও আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করেছেন তিনি।
রোববার রাজধানীর নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গয়েশ্বর রায় বলেন, "সরকার কী ভাবছে, আমরা জানি না। বর্তমান সঙ্কট উত্তরণে নেত্রীকে (খালেদা জিয়া) নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। বিএনপি কখনও শর্তারোপ কিংবা আপসে কিছু করেনি, করবেও না।"
তবে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়।
কোকো শনিবার চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন। চিকিৎসার জন্য তাকে মুক্তি দিতে সরকারের কাছে আবেদন করেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তারেক রহমানকে মুক্তি দিতেও একই ধরনের আবেদন করেছেন তার স্ত্রী জোবাইদা রহমান।
সাবেক যুব নেতাদের ডাকা ওই সংবাদ সম্মেলনে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গয়েশ্বর অভিযোগ করেন, সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে জনগণের আস্থা অর্জনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বিডিআর সদস্য নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন গয়েশ্বর। এ ঘটনায় সরকার নীরব রয়েছে অভিযোগ করে এর সমালোচনাও করেন তিনি।
বিএনপি নেতা বলেন, "জাতীয়তাবাদী শক্তিকে বিচ্ছিন্ন করতে ষড়যন্ত্র চলছে। ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেওয়ার পাঁয়তারা চলছে, এটা রুখতে হবে।"
সম্মেলনে যুবদলের ১১৫ জন সাবেক নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সাবেক সহসভাপতি জিয়াউল হক মিলু।
সাবেক নেতারা খালেদা জিয়াসহ যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্বাস, বর্তমান সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালসহ আটক নেতা-কমীদের মুক্তি দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে যুবদলের সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শেখ আতাউর রহমান, কাজী জাহাঙ্গীর আমির, আবদুল্লাহ চৌধুরী, সৈয়দ মেহেদি আহমেদ রুমি, আবদুল আলিম মৃধা, আনিসুর রহমান আজাদ, আবু সাঈদ খান খোকন, শামসুল হক মাহবুব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪০৯ ঘ.
bdnews24