২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্ন্তজাতিক চুক্তি করার এখতিয়ার সরকারের নেই: দেলোয়ার

চেয়ারপারসন মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ট্রানজিট সুবিধা দেওয়ার মতো আর্ন্তজাতিক চুক্তি করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চারদলীয় জোটের এক সমাবেশে তিনি বলেন, "ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করা হলে তা ভেস্তে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারপারসন মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ট্রানজিট সুবিধা দেওয়ার মতো আর্ন্তজাতিক চুক্তি করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চারদলীয় জোটের এক সমাবেশে তিনি বলেন, "ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করা হলে তা ভেস্তে যাবে। জনগণ দেশের সার্বভৌমত্ব বিপন্নকারী অবৈধ চুক্তি প্রতিরোধ করবে।" তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে 'পুতুল সরকার' অভিহিত করে বলেছেন "এ সরকার অসাংবিধানিকভাবে ক্ষমতা আঁকড়ে আছে।" নয়াদিল্লিতে বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেছেন। এ বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাস নির্মূল ছাড়াও বাণিজ্য ও ট্রানজিট সুবিধার ব্যাপারে আলোচনার হওয়ার কথা রয়েছে। এ সরকারের ট্রানজিট বিষয়ে কোন চুক্তি করার বিরোধিতা করলেও ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সর্ম্পক রক্ষা চান দেলোয়ার। তিনি বলেন, "আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই। আমরা বন্ধুত্ব চাই, কোনো আগ্রাসন চাই না। সংসদকে পাশ কাটিয়ে কোনো আর্ন্তজাতিক চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।" 'আগ্রাসন প্রতিরোধ দিবস' উপলক্ষে চারদলীয় জোট আয়োজিত সমাবেশে দেলোয়ার আরও অভিযোগ করেন, "এ সরকার দেশকে একটি কারাগারে পরিণত করেছে।" খোন্দকার দেলোয়ার র‌্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' বরিশাল ছাত্রদল নেতা মশিউল আলমের নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড অভিহিত করে এর বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি খালেদা জিয়াসহ 'রাজবন্দি'দের নিঃশর্ত মুক্তির দাবিতে ২২ জুলাই জেলা-উপজেলায় মানববন্ধন এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে ২৮ জুলাই সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাবেশে বলেন "দেশের কোনো দল ভারতের সঙ্গে ট্রানজিট চায় না। কেবল আওয়ামী লীগ ট্রানজিটের পক্ষে।" সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএইচবি/২০২০ ঘ.