ঢাকা, জুলাই ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার অনুলিপি দাখিল করতে বলেছে বিশেষ জজ আদালত।
বুধবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান আগামী ২৩ জুলাই ওই অনুলিপি দাখিল করতে আসামি পক্ষের আইনজীবীদের নির্দেশ দেন।
গত ৯ জুলাই স্থগিতাদেশের পাশাপাশি মামলাটি দায়ের এবং এর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা দুই সপ্তাহের মধ্যে জানাতে দুর্র্নীতি দমন কমিশন, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার বিশেষ জজ আদালত নং- ৯ কে নির্দেশও দেয় হাইকোর্ট।
খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
বুধবার খালেদা জিয়া ছাড়া অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। সকালে আদালত শুরু হলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিচারককে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। এর কোনো কারণও কারাকর্তৃপক্ষ উল্লেখ করেনি। কেন তাকে হাজির করা হলো না এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে আপনি নোটিশ পাঠান।"
আসামি পক্ষের অন্য আইনজীবীরাও একই দাবি করেন। এ সময় বিচারক বলেন, "আমার কাছে এ মামলার কোনো নথি এখন নেই। সুতরাং এ বিষয়ে আমি কোনো আদেশ দিতে পারবো না।"
এরপর আগামী ২৩ জুলাই মামলাটির স্থগিতাদেশের অনুলিপি দাখিল করার জন্য দিন ধার্য করেন।
এ দিন মামলার অন্য আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়াকে হাজির করা হয়েছিল।
মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮১৫ ঘ.
bdnews24