বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদ তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার মূখ্য বিচার বিভাগীয় হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান।
সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার স্ত্রী লিলি ইসলাম ও ছেলে মোস্তফা আশীষ ইসলাম পলাতক।
দুদক কর্মকর্তা আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল ইসলাম গত বছর নভেম্বরে দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব বিবরণী জমা দেন।
হিসাব বিবরণীতে রফিকুল ইসলাম ৫৩ লাখ ৫২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং আরও এক কোটি ৩১ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে জানা যায়।
এর পরিপ্রেক্ষিতে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনে পরস্পর যোগসাজশের অভিযোগে রফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গত বছর ১৬ নভেম্বর ধানমণ্ডি থানায় একটি মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।
দুদক কর্মকর্তা জানান, মামলাটির তদন্তভার তাকে দেওয়া হয়। সাত মাসের তদন্তে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনে রফিকুল ইসলামকে তার স্ত্রী ও ছেলের সহযোগিতা করার অভিযোগে প্রমাণ মিলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24