ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ ও স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার বিকেলে কমিশনের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
এতে বলা হয়, রেদোয়ান ও তার স্ত্রী ঘোষিত আয়ের বাইরে প্রায় ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদ অর্জন ও কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে এক কোটি নয় লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করে।
রেদোয়ান কারাগারে এবং তার স্ত্রী পলাতক রয়েছেন।
এদিকে দুর্নীতি দমন কমিশনের করা একটি দুর্নীতি মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার কমিশনের সহকারী পরিচালক রেবা হালদার ঢাকার মুখ্য হাকিম আদালতে এ বিষয়ে আবেদন জানালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তা মঞ্জুর করেন।
মহিউদ্দীন খান আলমগীর কাশিমপুর কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/২১০৪ ঘ.
bdnews24