চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মামলায় জড়িয়ে পড়ে আলোচিত কন্টেইনার হ্যান্ডলিং প্রতিষ্ঠান গ্লোবাল এগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) সঙ্গে চুক্তি বাতিল করে রাজধানীর কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া আবার শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আগামী দুই মাসের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ করা যাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
কমলাপুর আইসিডি পরিচালনায় গ্যাটকোকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীসহ বন্দরের সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।
গত বছরের ২ মার্চ চুক্তি বাতিল করার পর গ্যাটকো কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে। আদালত মামলাটি খারিজ করে দেওয়ার পর নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে একটি রিট আবেদন করে। ফলে নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। গত মাসে আদালত রিটটি খারিজ করে দিলে প্রক্রিয়াটি আবার সচল হয়।
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ২০০৩ সালে সাত বছরের জন্য এ আইসিডিতে কন্টেইনার ওঠানো-নামানোর কাজ পায় গ্যাটকো।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তির শর্ত ভঙ্গ এবং ঠিকমত কাজ না করার কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ২ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) গ্যাটকোর সঙ্গে চুক্তি বাতিল করে।"
এরপর কর্তৃপক্ষ গত বছরের ২৫ এপ্রিল নতুন করে দরপত্র আহবান করে। কিন্তু কর্তৃপক্ষের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করে গ্যাটকো। ফলে নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
তিনি জানান, গত মাসে আদালত গ্যাটকোর মামলা ও রিট বাতিল করায় নতুন ঠিকাদার নিয়োগে স্থগিত হয়ে যাওয়া দরপত্রের প্রক্রিয়া আবার শুরু হয়।
বন্দর চেয়ারম্যান বলেন, " গ্যাটকোকে দেওয়া চুক্তি বাতিলের নোটিশে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু না করা পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। নতুন ঠিকাদার প্রতিষ্ঠান যেদিন থেকে কাজ শুরু করবে, সেদিন থেকে গ্যাটকোর সঙ্গে চুক্তি বাতিল কার্যকর হবে।"
তিনি জানান, আগামী ৭ জুলাই দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বন্দর ভবনে প্রি-বিড বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে নতুন চুক্তির শর্তসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ২০ জুলাই অংশগ্রহণকারীদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৬ জুন পর্যন্ত
bdnews24