খাগড়াছড়ি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হবে। এতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটবে না।
তিন পার্বত্য জেলার বৃহৎ ও ক্ষুদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মতামত নেওয়ার লক্ষ্যে শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে তিনি এ কথা বলেন।
যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফও সংলাপে অংশ নেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, "নির্বাচনে জিতলে বা হারলে অসহযোগিতার রাজনীতি পরিহার করতে হবে।"
তিনি আরও বলেন, "বিশাল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে সাজেক ও রামগড় এলাকায় স্থলবন্দর করার পরিকল্পনা রয়েছে সরকারের।"
উপদেষ্টা হাসান আরিফ বলেন, "আইনের প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় জজ আদালত চালু করা হবে।"
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিন উপদেষ্টার উপস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন দাবির কথা জানান।
এসব দাবির মধ্যে রয়েছে- সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, সেনা ক্যাম্পগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল, দ্রুত জেলা ও আঞ্চলিক পরিষদ নির্বাচন, রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক এলাকাকে খাগড়াছড়ি জেলায় অন্তর্ভুক্তকরণ, পাম অয়েল চাষের সম্ভাবনাকে কাজে লাগানো, স্থায়ী পুর্ণাঙ্গ দায়রা জজ কোর্ট স্থাপন, যত দ্রুত সম্ভব ভূমি কমিশন কার্যকর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিল্প স্থাপন, অভ্যন্তরীণ উদ্বাস্তু ও শরণার্থীদের পুনর্বাসন এবং গুচ্ছ গ্রামে বসবাসকারীদের নিজ নিজ ভূমিতে পুনর্বাসন ইত্যাদি।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, পৌরসভা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, জাতীয় পার্টির সাবেক জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন, বিএনপি জেলা সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন মজুমদার, সম্পাদক অ্যাডভোকেট সুপাল চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সানুমং মারমা মনু, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক সুদর্শন দত্ত, ত্রিপুরা কল্যাণ সংসদের নেতা মনিন্দ্র কিশোর ত্রিপুরা সংলাপে উপস্থিত ছিলেন।
সংলাপ শেষে দুপুরের পর তিন উপদেষ্টা খাগড়াছড়ি ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩১০ ঘ.
bdnews24