ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও অবৈধভাবে সম্পত্তি অর্জন করার অভিযোগে জোট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরিন খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তিনি গত বছরের ১০ ডিসেম্বর গুলশান থানায় মামলাটি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২০ জুন দুদক মোরশেদ খান, তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চায়। মোরশেদ খান তার প্রতিনিধির মাধ্যমে গত বছরের ১০ জুলাই দুদকের সচিবের কাছে সম্পদের বিবরণী দাখিল করেন।
বিবরণীতে অভিযুক্তরা নিজেদের নামে সর্বমোট ১৭ কোটি ৪১ লাখ ৭২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেন। কিন্তু দুদক অনুসন্ধান করে জানতে পারে তারা ৯১ লাখ ৩৬ হাজার ৫৭২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
অভিযুক্তরা পরস্পর যোগসাজসে ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৯৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জ্ঞাত আয়ের বাইরে অর্জন করেছেন।
এদিকে সম্পদের হিসাব দাখিলসংক্রান্ত বিষয়ে কারাবন্দি সাবেক সাংসদ ফজলুল হক মিলনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ অনুমতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24