২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: হাসিনা

আগামী সংসদ নির্বাচনে সমস্ত 'ষড়যন্ত্র' মোকাবেলা করে যে কোন মূল্যে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বাসভবনে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা এ আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 09:36 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী সংসদ নির্বাচনে সমস্ত 'ষড়যন্ত্র' মোকাবেলা করে যে কোন মূল্যে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বাসভবনে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনা এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ নেতা-কর্মীদের সর্বাগ্রে জাতীয় নির্বাচন আদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ২০২০ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্য শ্রেণীর উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।" শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছে বলে মন্তব্য করেন হাসিনা। গত বছর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে যাওয়ার ঘটনা প্রবাহ স্মরণ করে শেখ হাসিনা বলেন, "তখন সমস্ত ঝুঁকি নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই দেশে ফিরে গিয়েছিলাম।" কর্মীদের এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, "আমার কারো বিরুদ্ধে কোন ক্ষোভ নেই, আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে চাই।" আওয়ামী লীগ কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় এবং দেশে ও বিদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হাসিনার মুক্তির জন্য নিরলসভাবে কাজ করার কারণেই মুক্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাসিনা বলেন, "জনগণের কথা বলি বলেই বার বার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। কিন্তু প্রতিকুল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয় তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। " তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সুদুর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ১০ টাকা সের চাল খেয়েছে এবং দেশের মানুষ সুখে শান্তিতে ছিল। আমাদের পরিকল্পনা ছিল দেশকে ২০০৬ সালের মধ্যে নিরক্ষরতা মুক্ত করা। ২০০৮ সালের মধ্যে সাত হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এবং সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে দেশকে খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত করা।" কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় না আসার কারণে বিপর্যয় ঘটেছে মন্তব্য করে হাসিনা বলেন, দেশ আজ নানা ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার প্রধান নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক মাহমুদ সিদ্দিকী, শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান, কেন্দ্রীয় সহ সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি কেরামত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন দত্ত, প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম খোকন, শ্রম সম্পাদক যোশেফ কেনেডী গোমেজ, সহ-প্রচার সম্পাদক আবুদল্লাহ লিটন, হাজী এনাম, আবদুর রহিম বাদশা, হাজী মোদাচ্ছের মিয়া প্রমুখ। এছাড়াও যুবলীগ, স্বেস্থাসেবক লীগ, শ্রমিক লীগ ও শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সরকার গত ১১ জুন চিকিৎসা নিতে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেন শেখ হাসিনাকে। পরদিন সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১৫২৮ ঘ.