২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ক্ষমতা ধরে রাখার নীল নকশা করছে: মুজাহিদ

বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সে নীল নকশা বাস্তবায়নেই তারা 'এরশাদ স্টাইলে' উপজেলা পরিষদ নির্বাচন করতে চাইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

রংপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সে নীল নকশা বাস্তবায়নেই তারা 'এরশাদ স্টাইলে' উপজেলা পরিষদ নির্বাচন করতে চাইছে। শনিবার রংপুর টাউন হলে জেলা জামায়াতের দায়িত্বশীল ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দুই ঘণ্টার বক্তৃতায় জামায়াত নেতা দলীয় প্রধান মতিউর রহমান নিজামীর মুক্তি দাবি করলেও চারদলীয় জোটের বৃহত্তম শরিক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে একটি কথাও বলেননি। আলী আহসান মুজাহিদ বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার নীল নকশা বাস্তবায়নের জন্য এরশাদ মার্কা উপজেলা নির্বাচন করার পাঁয়তারা করছে। টাউট-বাটপার-দুর্নীতিবাজদের একত্রিত করে এরশাদ যেভাবে নির্বাচন করেছিল, এরাও ঠিক একই কায়দায় নির্বাচন করতে চাচ্ছে।' দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্যই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বলেন, "দেশের মানুষ চায় নির্বাচন হবে নিরপেক্ষ; তারা যাদের ভোট দেবেন, তারাই দেশ পরিচালনা করবেন। অন্য কোনও ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইলে জনগণ তা মেনে নেবে না।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে মুজাহিদ বলেন, "১৭ টাকার চাল এখন ৪৫ টাকা, ১৪/১৫ টাকার চাল ৩৫ টাকা। গত ৩৭ বছরেও চালের দাম এত বাড়েনি। সরকারের লজ্জা থাকলে এতদিনে জনগণের কাছে নিজেদের অদক্ষতা স্বীকার করে মাফ চেয়ে ক্ষমতা ছেড়ে দিতো।" দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মুক্তি দাবি করে আলী আহসান মুজাহিদ বলেন, "মিথ্যা মামলায় আমাদের আমিরকে কারাগারে আটক রাখা হয়েছে।" জামায়াতে ইসলামীর কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় দাবি করে জামায়াত সেক্রেটারি বলেন, "জামায়াতে ইসলামী জবাবদিহিতা আর স্বচ্ছতার রাজনীতিতে বিশ্বাস করে। দুর্নীতিবাজ-হারামখোর কেউ জামায়াতের নেতা হতে পারে না। কেউ অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।" মুজাহিদ বলেন, "নিজামীকে আটক করার সময় জামায়াত নেতা-কর্মীরা কোন হৈচৈ করেনি। আমরা চোখের পানি দিয়ে আমাদের নেতাকে আটকের প্রতিবাদ করেছি।" রংপুর জেলা জামায়াতের সাবেক আমির মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জেলা শাখার নতুন আমির মাহবুবার রহমান বেলাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৯ ঘ.