রংপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার কথা বলছেন তাদের সেই দাঁতও নেই, নখও নেই।
তিনি বলেন, "যারা উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন প্রতিহত করার কথা বলছেন তাদের সেই দাঁতও নেই, নখও নেই। তাদের আস্ফালনে দেশের মানুষ ভয় পায় না। মানুষ চায় আগে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন হোক।"
শুক্রবার ঢাকা থেকে রংপুরে আসার পথে পীরগঞ্জ ও মিঠাপুকুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন।
এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
এরশাদ বলেন, "আমি কারাগারে আটক থাকার সময় অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা পিজি হাসপাতালে ভর্তি হওয়ার সুপারিশ করেছিলেন। কিন্তু তখন ক্ষমতাসীন বিএনপি সরকার আমাকে চিকিৎসা নেওযারও সুযোগ দেয়নি। আর এখন তাদের ছেলেদের বিদেশ পাঠানোর কথা বলছে।"
তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুনীর্তির মামলা হয়নি উল্লেখ করে এরশাদ বলেন, "আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।"
আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত বলে উল্লেখ করেন তিনি।
এ সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, "ওয়ান-ইলেভেন জনগণের মধ্যে যে নতুন আশার আলো সঞ্চার করেছিল সরকার তা পুরণ করতে পারেনি। তারা দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন করতে সফল হয়নি।"
সিটি করপোরেশনসহ নয়টি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করায় তিনি সরকারকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচনও দাবী করেন। দেশের মানুষ এ মুহূর্তে উপজেলা নির্বাচন চায় বলেও উল্লেখ করেন তিনি।
সন্ধা ৬টায় এরশাদ সড়কপথে রংপুরে এসে পৌঁছলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। রোববার রংপুর টাউন হলে জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তিনি রংপুরে আসেন।
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, শুক্রবার ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে দুপুরে এরশাদ বগুড়া পর্যটন মোটেলে সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, "এ সরকার মানুষের আশা আকাক্সক্ষাকে ধূলিস্মাৎ করেছে। এক দেশে দুই আইন চলতে দেওয়া যায় না। যারা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের-মানুষের টাকা-পয়সা, সম্পদ লুট করেছে এ সরকার তাদের বিচার করবে বলে মানুষ আশা করেছিল।"
শেখ হাসিনাকে মুক্তি দেওয়ায় এ মন্তব্য করেছেন কি না প্রশ্ন করলে তিনি সরাসরি এর উত্তর দেননি।
তিনি বলেন, "সরকার কী করতে যাচ্ছে তা পরিস্কার নয়। এখন তাদের কর্মকাণ্ডও স্বচ্ছ নয়। এ সরকারের আমলে দুর্নীতি অনেক কমে এসেছে। বিশেষ করে বিগত জোট সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ কারণে গোটা জাতিকে বিশ্বের কাছে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দেশের মানুষ নিশ্চয়ই আবার সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না।"
বগুড়া জেলা জাতীয় পার্টি সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ'র নেতৃত্বে একদল নেতা-কর্মী পর্যটন মোটেলে তার সঙ্গে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24