২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য দল গেলে বিকল্পধারাও স্থানীয় নির্বাচনে যাবে

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, অন্য রাজনৈতিক দলগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে অংশ নিলে বিকল্পধারাও অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, অন্য রাজনৈতিক দলগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে অংশ নিলে বিকল্পধারাও অংশ নেবে। নির্বাচনী এলাকায় জরুরি অবস্থা শিথিল করার ঘোষণাকে 'ভালো লক্ষণ' অভিহিত করে তিনি বলেছেন, এটা সম্পূর্ণ প্রত্যাহার করা হলে আরো ভালো হবে। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এর প্রতিক্রিয়ায় বদরুদ্দোজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন। এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সাবেক রাষ্ট্রপতি বলেন, "আমরা মনে করি, সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন হওয়া উচিৎ।" এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "বিগত দিনগুলোতে অনেক প্রতিশ্র"তির পরও কোনও সরকার উপজেলা নির্বাচন করেনি। তাই এ সরকারকে আমরা বলবো, সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করুন।" সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্য ও বিভক্তিমূক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী কারও বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল না। অথচ এখন রাজনীতি মানেই দুর্নীতি, সন্ত্রাস, বাহুবল আর ক্ষমতার চর্চা। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।" বাংলাদেশকে ঐক্যবদ্ধ ও উদার গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিকল্পধারা সভাপতি বলেন, "আমরা ও এলডিপি একসঙ্গে ছিলাম। কিন্তু তারা বাংলাদেশকে ১১টি প্রদেশে বিভক্ত করতে চায়। আমরা বলেছি, বাংলাদেশকে বিভক্ত করা চলবে না।" সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল বিএনপির কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএ/১৯৪৫ ঘ.