ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচনের তফসিলকে তামাশা আখ্যায়িত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ঘোষিত তফসিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে 'অবস্থার পরিপ্রেক্ষিতে' আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা ষড়যন্ত্র বলে মনে করি। এই তফসিল ঘোষণা ঠিক হয়নি। সরকার এটা করে জনমতের বিরুদ্ধে কাজ করেছে।"
এভাবে তফসিল ঘোষণাকে 'তামাশা' আখ্যায়িত করে তিনি তা প্রত্যাহারের দাবি জানান।
গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসলামী ঐক্য জোটের একাংশের নেতারা জিল্লুর রহমানের সঙ্গে ছিলেন। মিছবাহুর রহমান নেতৃত্বে ইসলামী জোটের এ অংশের নেতারা জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে আসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী স্থানীয় এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে জিল্লুর রহমান বলেন, "আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমরা স্পষ্ট বলতে চাই, জরুরি অবস্থার মধ্যে কোনও নির্বাচন হতে পারে না।"
তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে কী ভাবে নির্বাচন হয়? আমরা মিটিং করতে পারবো না, ভোট চাইতে পারবো না, ভোটারদের সঙ্গে মতবিনিময় করতে পারবো না। ভোট চাইতে না পারলে ভোটাররা ভোট দেবে কী ভাবে?
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ ও ওই সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।"
তোফায়েল আহমদ সবার আগে জাতীয় নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন, "এই সরকারের উচিত হবে শুধু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।"
তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, "এর ফল ভালো হবে না।"
শুক্রবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আগামী ৪ আগস্ট একযোগে দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণের সময়সূচি ঘোষণা করেন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ৩ জুলাই, যাচাই-বাছাই ৬/৭ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ইতোমধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে। বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, এটা নীল নকশার অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এমআই/১৯১৪ ঘ.
bdnews24