২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্ত্রী নাসিমা হক ও ছেলে মাশফিকুল হক জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্ত্রী নাসিমা হক ও ছেলে মাশফিকুল হক জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২৪ জুন পরোয়ানা জারি সংক্রান্ত তথ্য দাখিলেরও নির্দেশ দেন তিনি। জিয়াউল হক পরিবারের বিরুদ্ধে গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মনজুর আলম। তাতে বলা হয়, অভিযুক্তরা দুর্নীতির মাধ্যমে প্রায় ১২৩ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অথচ দুদকে দাখিল করা বিবরণীতে তারা চার কোটি ৩৬ লাখ ৩৫১ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। গত বছরের ২২ নভেম্বর রমনা থানায় মামলাটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/২১২৩ ঘ.