ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে।
বুুধবার সকাল ১০টা ২০মিনিটে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতের খোন্দকার কামাল উজ্জামানের আদালতে হাজির করা হয় তাকে। এর আগে এ মামলার অন্য আসামিদেরকেও হাজির করা হয়।
অন্য আসামিরা হলেন, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া।
মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়।
খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচডি/জিএনএ/১০৪২ ঘ.
bdnews24