২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সামনে কর্মসূচি দেব: খোন্দকার দেলোয়ার

সমমনা দল ও ব্যক্তিসহ 'জাতীয়তাবাদী শক্তির' ঐক্য চেয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমমনা দল ও ব্যক্তিসহ 'জাতীয়তাবাদী শক্তির' ঐক্য চেয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় চারদলীয় জোটের এক সমাবেশে এ ঐক্যের আহবান জানিয়ে তিনি বলেন,''সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সমমনা দল ও ব্যক্তিসহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনো সংঘর্ষ-রক্তপাত চাই না, সুষ্ঠু নির্বাচন চাই।'' সংলাপ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে কারাবন্দি দলনেত্রী খালেদা জিয়া ও প্রথাগত মিত্র জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর মুক্তি এবং তারেক ও কোকোকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি করেন তিনি। এ লক্ষ্যে চার দল আরও কর্মসূচি দেবে একথা উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন,''নেত্রীকে মুক্তি দিন। নেতা- নেত্রীরা জেলে পচে মরবে আর দলীয় নেতা-কর্মীরা হাঁ করে বসে থাকবে-এটা ভাবলে সরকার ভুল করবে। আমরা সামনে কর্মসূচি দেব।'' জরুরি বিধিমালায় বিচারকে 'প্রহসন' আখ্যায়িত করে ওই দণ্ড জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মঙ্গলবার বিকেলে চার দলের উদ্যোগে খালেদা ও নিজামীসহ বন্দিদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর এটি চার দলীয় জোটের প্রথম সমাবেশ। এ জোটের সর্বশেষ সমাবেশ হয়েছিল গত বছরের ২৭ অক্টোবর। সমাবেশের সভাপতি খোন্দকার দেলোয়ার তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, '' এ সরকার নিজেই অবৈধ। অথচ তারা একের পর এক আইন প্রণয়ন করছে। এটাও অবৈধ।'' জরুরি অবস্থা জারির পর থেকে এ পর্যন্ত সারাদেশে ৪ লাখ লোক গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে দেলোয়ার দাবি করেন এর বেশির ভাগই বিএনপির নেতা-কর্মী। তিনি ৩০ জুনের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার করে 'নির্বাচনের পরিবেশ' তৈরির দাবি জানান। জরুরি বিধিমালার মাধ্যমে বিচারকদের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন দেলোয়ার। সুষ্ঠু নির্বাচন দাবি করে সরকারের উদ্দেশ্যে দেলোয়ার বলেন,'' কোনো পাতানো নির্বাচনের মতলব থাকলে তা বাদ দিন। রাজনীতিবিদদের হয়রানি বন্ধ করুন। দেশকে আর পেছনের দিকে ঠেলে দেবেন না। নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা ছেড়ে দিন।'' জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করে বলেন, '' এটা দেশের জন্য অভিশাপ। ৩০ জুনের মধ্যে তা তুলে নিন।" জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস ও দেশকে 'করদ রাজ্য' বানানোর ষড়যন্ত্র চলছে দাবি করে তা রোখার তাগিদ দেন জামায়াত নেতা। তত্ত্বাবধায়ক সরকার ইসলামবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর পাঁয়তারা করছে- মন্তব্য করে খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, "তা কোনোভাবে এ দেশের মানুষ মেনে নেবে না।" বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,'' খালেদা জিয়া অতীতেও মুচলেকা দিয়ে রাজনীতি করেননি, আগামীতেও করবেন না। চার দল কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।'' সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মহানগর সভাপতি আবুল কাশেম, বিজেপি'র মহাসচিব শামীম আল মামুন, মহানগর সভাপতি তৈয়বুর রহমান, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের প্রমুখও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২৪ঘ.