ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার উপযুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি করবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের এসব নির্বাচন করে নিজেদের সামর্থ্য যাচাই করতে চায় তারা।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বলেছেন, "সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনকে আমরা পরীক্ষামূলকভাবে নিয়েছি। স্থানীয় সরকারের নতুন আইনগুলো কীভাবে প্রয়োগ হচ্ছে- তা ওই নির্বাচনের মাধ্যমে দেখা যাবে। কোনো তরফ থেকে কোনো বাধা আসে কিনা বা কোনোভাবে কারচুপি হয় কিনা- সেটিও আমরা দেখতে চাই।"
নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, "আগামী ২০ জুনের মধ্যে চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার সরকার সেটি তৈরি করবে বলে আমরা আশা করছি।"
সিলেট, বরিশাল, রাজশাহী সিলেট ও খুলনা সিটি করপোরেশ এবং নওহাটা (রাজশাহী), দুপচাঁচিয়া (বগুড়া), চুয়াডাঙ্গা সদর, শ্রীপুর, মানিকগঞ্জ সদর, ফুলবাড়িয়া (ময়মনসিংহ), শরীয়তপুর সদর, গোলাপগঞ্জ ও সীতাকুণ্ডু পৌরসভার নির্বাচন আগামী জুলাইয়ের মধ্যে করার কথা রয়েছে।
সাখাওয়াত হোসেন জানান, স্থানীয় সরকারের নির্বাচনের জন্য নতুন আঙ্গিকে মনোনয়ন পত্র ছাপানো হচ্ছে। মনোনয়নপত্র মাঠপর্যায়ে পৌঁছলে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা হবে।
সিটি মেয়র প্রার্থী ও ভোটারদের সঙ্গে সংলাপের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, "প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত মেয়র প্রার্থীদের নিয়ে সব সিটি করপোরেশনে আলাদা সংলাপ হবে। প্রতি সিটি করপোরেশনে নানা বয়সী ভোটারের সমন্বয়ে প্রার্থীদের পরিকল্পনা বিষয়ে বিবিসি সংলাপের আদলে একদিন করে মুখোমুখি এ সংলাপ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৮০১ ঘ.
bdnews24