ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার জব্দ করা দু'টি গাড়ি বুধবার সন্ধ্যায় ফেরত দেওয়া হয়েছে। জব্দকৃত বাকি জিনিসপত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাডভোকেট সাহারা খাতুন ধানমণ্ডি থানায় গিয়ে গাড়ি দু'টি গ্রহণ করেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশে থানা হেফাজতে থাকা শেখ হাসিনার দু'টি মার্সিডিজ বেঞ্জ গাড়ি তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা শেখ হাসিনার দু'টি মোবাইল ফোন, দু'টি কম্পিউটার ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।"
বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জব্দ করা মার্সিডিস বেঞ্জ গাড়ি, বঙ্গবন্ধু ট্রাস্টের দলিলপত্র, মোবাইল ফোন, কমপিউটার তার আইনজীবীর জিম্মায় ফেরত দেওয়ার আদেশ দেন। হাসিনার আইনজীবীরা এর আগে আদালতের কাছে গাড়িসহ হাসিনার জব্দ করা জিনিস ফেরত পেতে আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/পিবি/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24