২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের পছন্দনীয় হলে তার সাত খুন মাফ: মুজাহিদ

কোন ব্যবসায়ী বা রাজনীতিক এই সরকারের পছন্দনীয় হলে তার সাত খুন মাফ, আর অপছন্দের হলে ভালো মানুষও দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

কক্সবাজার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন ব্যবসায়ী বা রাজনীতিক এই সরকারের পছন্দনীয় হলে তার সাত খুন মাফ, আর অপছন্দের হলে ভালো মানুষও দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। শুক্রবার সকালে কক্সবাজার শহরের নিরিবিলি অর্কিডে জেলা জামায়াতে ইসলামীর 'দায়িত্বশীল সমাবেশ' ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ অভিযোগ করেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, "আপনারা দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টির অপচেষ্টা করছেন। আপনাদের দুর্নীতিবিরোধী আন্দোলন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে। আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে অন্য কোন মতলবে ক্ষমতায় এসেছেন।" এ প্রসঙ্গে মুজাহিদ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গ্রেপ্তার প্রসঙ্গ তুলে বলেন, "যে মানুষটি সারাজীবন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সেই দরবেশের মতো মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করতে বর্তমান সরকারের একটুও হাত কাঁপলো না!" জনগণের 'কোটি কোটি স্বাক্ষর' নিয়ে তারা সরকারের কাছে যাবেন বলে মুজাহিদ জানান। তিনি বলেন, নিজামীকে মুক্তি না দিলে আন্দোলন ছাড়া কোন পথ খোলা থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে মুজাহিদ প্রশ্ন তোলেন, "আপনারা কে? আপনারা তো নির্বাচিত কেউ নন। সংবিধান তো আপনাদের অস্তিত্বই সমর্থন করে না।" নির্বাচন কমিশনকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থাকে 'উত্তম ব্যবস্থা' হিসেবে মনে করে বলে মুজাহিদ দাবি করেন। দেশকে এগিয়ে নিতে হলে জনগণ ও সরকারের মধ্যে ঐক্য দরকার এ মত ব্যক্ত করে মুজাহিদ বলেন, অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণের ঐক্য হতে পারে না। জেলা জামায়াতের আমির মুহম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মাওলানা শামসুল ইসলাম, ঢাকা মহানগর সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১৫৪৭ঘ.