নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ মনে করেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলেও তিনি দাবি করেন।
হান্নান শাহ বলেন, "জিয়া পরিবারকে দেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি আন্তর্জাতিক চক্রান্তেরই অংশ। কিন্তু নির্যাতন চালিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না।"
রোববার দুপুরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হান্নান শাহ বলেন, "বর্তমান সরকার ডিসেম্বরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথা বললেও জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে ব্যস্ত রয়েছে।"
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "জনগণের নির্বাচিত প্রতিনিধি এখন দেশ শাসন করছে না। যারা দেশ পরিচালনা করছেন, তারা কতদিন শাসন করবে তা কেউ জানে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এতো দায়িত্ব পালন করছে, যা নির্বাচিত সরকারও করতে পারে না। বুটের তলা থেকে গণতন্ত্র হয় না গণতন্ত্র প্রতিষ্ঠ করে জনগণ।"
শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, আতাহার হোসেন শামসু, আবু আল ইউসুফ খান টিপু, এটিএম কাপাল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24