ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ম্যাডাম যাই, আপনি ক্যাবিনেট মিটিং ডাকলেই আসব'- এই বলে আদালতে খালেদা জিয়ার কাছ থেকে রোববার বিদায় নেন মওদুদ আহমেদ।
নাইকো মামলায় অভিযোগ গঠনের শুনানিতে রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের হাজির করা হয়। মামলার অন্যতম আসামি মওদুদও ছিলেন খালেদা জিয়ার সঙ্গে কাঠগড়ায়।
শুনানি শেষে আসামিদের সবাইকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় খালেদা জিয়ার মন্ত্রিসভার আইনমন্ত্রী মওদুদ আহমেদ বিদায় নিতে গিয়ে বলেন, "ম্যাডাম আমি যাই। আপনি ক্যাবিনেট মিটিং ডাকলেই আসব।"
তখন খালেদা জিয়া বলেন, "ভালো থাকুন। দোয়া করবেন। আবার দেখা হবে।"
এর আগে ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতে বলেন, "আমার ৪২ বছরের আইন পেশায় এরকম মামলা দেখিনি। নাইকো মামলাটি কাল্পনিক ও স্বপ্নের মামলা। ৭০০ কোটি টাকার নাইকো প্রকল্পের মামলা হয়েছে ২৭ হাজার কোটি টাকার। নাইকো কাজ দেওয়া রাষ্ট্রের বিরুদ্ধে হলে কেন সেই চুক্তি বাতিল করছে না সরকার।"
চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে 'প্রহসন' অখ্যায়িত করে সাবেক আইনমন্ত্রী বলেন, "রাজনীতিবিদদের অপমানিত করতেই এটা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/১৭১২ ঘ.
bdnews24