২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দলগুলোকে সংলাপে আনার সর্বাত্মক চেষ্টা চলছে: হোসেন জিল্লুর

সংলাপে বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সংলাপ সফল হওয়া দেশের জন্য জরুরি। আমাদের বিশ্বাস, সবাই সংলাপে আসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সংলাপ সফল হওয়া দেশের জন্য জরুরি। আমাদের বিশ্বাস, সবাই সংলাপে আসবেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবন মিলনায়তনে সুশিক্ষা আন্দোলন আয়োজিত 'প্রাথমিক শিক্ষার বার্ষিক প্রতিবেদন: হালখাতা ১৪১৫'র প্রকাশনা উৎসব শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হোসেন জিল্লুর বলেন, "সংলাপে বড় দলসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রাজনৈতিক দলগুলোর দাবিসমূহ আমাদের বিবেচনায় আছে। এ বিবেচনা মাথা রেখেই এগুচ্ছি। ফলাফল যথাসময়ে হবে।" আওয়ামী লীগ ইতোমধ্যে ঘোষণা করেছে, শেখ হাসিনাকে ছাড়া তারা সংলাপে অংশ নেবে না। বিএনপিও জানিয়েছে, খালেদা জিয়া ছাড়া তারাও সংলাপে যাবে না। বড় দুই দলের বর্জনের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষা উপদেষ্টা বলেন, "আমরা আশা করি, বড় রাজনৈতিক দলগুলোও সংলাপে অংশ নেবে। তারা বিশাল জনগোষ্ঠির প্রতিনিধিত্ব করে। জাতীয় ঐক্যমত্যের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে।" তিনি আরও বলেন, "সংলাপ সফল হওয়া দেশের জন্য জরুরি। এ নিয়ে কারও কোনও দ্বিমত নেই। যেহেতু আমরা সবাই সমস্যা সমাধানে আগ্রহী। তাই আমাদের বিশ্বাস, সবাই সংলাপে আসবেন। এর মাধ্যমে সংলাপ সফল হবে।" হোসেন জিল্লুর জানান, রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গেও সংলাপ করবে সরকার। তিনি বলেন, "আমরা সবাই গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এমআই/১৪২৭ ঘ.