২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ জুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গ্যাটকো দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন তারিখ ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ গ্যাটকো দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন তারিখ ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ দিন ধার্য করেন। মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গত বুধবার মামলাটি বিচারের জন্য এ আদালতে পাঠানোর আদেশ দেন। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করে। এতে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করা হয়। গত ১৩ মে কমিশন এ মামলায় অভিযোগপত্র দেয়। এতে আগের ১৩ জনের সঙ্গে আরো নাম যোগ করে মোট ২৪ জনকে আসামি করা হয়। গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার আসামিদের মধ্যে রয়েছেন- এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ কে এম মোশাররফ হোসেন ও মতিউর রহমান নিজামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জেকে/এসকে/১৯৫৫ঘ.