বগুড়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিরুদ্ধে বগুড়ায় দুটি মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আব্দুল বাছেদ মঙ্গলবার রাতে বগুড়ার শিবগঞ্জ থানায় জরুরি বিধির আওতায় মামালা দুটি দায়ের করেন।
প্রথম মামলার বরাত দিয়ে আব্দুল বাছেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরোজ মাহমুদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সরদার আনিছুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানের সহযোগিতায় ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির বিভিন্ন কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নেন।
অপর মামলায় অভিযোগ করা হয়, ফিরোজ মাহমুদ ও আনিছুর রহমান এলজিইডির ভূয়া প্রকল্প দেখিয়ে ২৩ লাখ ৮৮ হাজার ২০৮ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ইকবাল আলিয়ার হাটে তার বাবা ও মায়ের নামে করা রোকেয়া-সাত্তার বিদ্যালয়ের মাইক্রোবাসের জন্য এলজিইডির ৭৩ হাজার ৬২৮ টাকা ১৩ পয়সার জ্বালানি তেল ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করেছেন ।
গত মঙ্গলবার ঢাকার একটি আদালত দুর্নীতির দায়ে ফিরোজ মাহমুদ ইকবালকে ১০ বছর কারাদণ্ড দেয়।
একই মামলায় স্বামীর দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে ইকবালের স্ত্রী ইমতিয়াজ বেগমকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।
ফিরোজ মাহমুদ ইকবাল ও তারন স্ত্রী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩২ ঘ.
bdnews24