ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালিশ নিয়ে কারাগারে মহা সমস্যায় পড়েছেন কর ফাঁকির দায়ে ৮ বছরের সাজা প্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তার ব্যবহৃত বালিশের তুলা কম হওয়ায় ঠিকমত ঘুমাতে পারছেন না তিনি।
এই অবস্থায় বুধবার বিশেষ জজ আদালতে ডেকে আনা হয় শাহজাহানপুরের নিউ ফরিদপুর বেডিংয়ের মালিক ঝন্টু সেখকে। যিনি গত ১৬ বছর ধরে মির্জা আব্বাস ও তার পরিবারের জন্য বালিশ-তোষক ও লেপ তৈরি করছেন।
বেলা ১২ টার দিকে আব্বাস তার বালিশটি ঝন্টু সেখের হাতে তুলে দেন। ঝন্টু তার সঙ্গে করে আনা দাঁড়িপাল্লা দিয়ে তা মেপে বলেন, "এতে এখন ৮'শ গ্রাম তুলা আছে। আরও দুই'শ গ্রাম তুলা ভরলে এটা ঠিক হয়ে যাবে।"
ঝন্টুর কথায় আব্বাস রাজি হয়ে অস্থায়ী হাজতখানায় ফিরে যান। কিন্তু এর দশ মিনিট পরে আবার ঝন্টুকে ডেকে বলেন,"দুই'শ গ্রাম না, এক'শ গ্রাম তুলা ভরে দাও। পরীক্ষামূলক ভাবে দেখা যাক তাতে কি হয়।"
জবাবে ঝন্টু বলেন, "তাহলে আমি কালকে (বৃহস্পতিবার) বালিশটি তৈরি করে আনি।"
এ সময় আব্বাস বলেন, "আরে না না, এখনই করে আনো। জেলখানায় আমারতো একটাই বালিশ। রাতে ঘুমাবো কিভাবে?"
শুধু বালিশ নিয়েই নয়, ঝামেলা পাজামা নিয়েও। কারাগারে যাওয়ার পর থেকে মির্জা আব্বাসের শরীরের ওজন অনেকটাই কমে গেছে। এ কারণে কোমরও সরু হয়ে গেছে। এ জন্য প্রায় প্রতিমাসেই নতুন করে পাজামা তৈরি করতে হচ্ছে।
এই পায়জামা তৈরি করাতে বুধবার বিশেষ আদালতে আসেন শহীদবাগ এলাকার নিউ মডার্ন ট্রেইলার্সের মালিক বাবুল পাল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩১ বছর ধরে মির্জা আব্বাসের পোষাক তৈরি করছেন।
অস্থায়ী হাজতখানার প্রবেশ মুখে দাঁড়িয়ে অনেকের সামনেই বাবুল পাল আব্বাসের পাজামার মাপ নেন।
সাবেক এই বিএনপি নেতা গত বছরের ২৫ ফেব্র"য়ারী দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সম্পত্তির হিসাব দিতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
কর ফাঁকির দায়ে ১১ মে আব্বাসকে ৮ বছরের কারাদণ্ড দেয় আদালত। বুধবার আরেকটি দুর্নীতির মামলায় হাজিরা দিতে তাকে বিশেষ জজ আদালত-৩ এ হাজির করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৯২০ ঘ.
bdnews24