নকশা জালিয়াতির দায়ে আতিকউল্লাহ খানের আরো ৭ বছর কারাদণ্ড
নকশা জালিয়াতির আরেকটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার অপর আসামি রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান খানকেও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে দুজনকে এক কোটি ২২ লাখ ৪৪ হাজার ২০০ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাসুদ বর্তমানে কারাগারে থাকলেও কামরুজ্জামান পলাতক রয়েছেন।
গত ৬, ৯, ও ২০ মার্চ ও ২৭ এপ্রিল নকশা জালিয়াতির আলাদা চারটি মামলায় আতিকউল্লাহ খান মাসুদকে সাত বছর করে মোট ২৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ৩ এপ্রিল অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে তাকে আরও ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে মাসুদকে মোট ৪৮ বছরের কারাদণ্ড দেয়া হল।
গত বছরের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মাসুদ মালিবাগ ডিআইটি রোডে একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য ১৯৯৯ সালের ১৯ এপ্রিল রাজউকের কাছে আবেদন করেন। ২৩ মে রাজউকের অথরাইজড অফিসার এটিএম কামরুজ্জামান নিজেই স্বাক্ষর করে একটি ভুয়া নকশা তৈরি করেন। পরে ওই নকশা ও অনুমোদন দেখিয়ে গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান ফ্ল্যাট বিক্রির নামে ১৭ জনের কাছ থেকে ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকা নেন।
মাসুদকে গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
