ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের কোন দিন জাতীয় সংসদ নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, সব বিষয় দেখেশুনেই তারা তফসিল ঘোষণা করবেন।
দুপুরে নিজ কার্যালয়ে সিইসি বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি রয়েছে। এরপর সময় হলে আমরা দেখেশুনে দিন-তারিখ ঠিক করব। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানাবে।"
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সোমবার জাতির উদ্দেশে ভাষণে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টার ভাষণে উল্লিখিত নির্বাচনের সময়সূচিকে 'সঠিক' বলে মন্তব্য করেন সিইসি।
তবে নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার বা শিথিল করার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে হাইকোর্টের রুল প্রসঙ্গে সিইসি বলেন, "রিটের কাগজপত্র এখনো পাইনি। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছি। কাগজপত্র পেলে রিটের জবাব দেওয়া হবে।"
সংসদের ১৩৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না- জানতে চেয়ে সোমবার ইসি ও সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৬২০ ঘ.
bdnews24