২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে নামতে বলেছেন হাসিনা: আইনজীবী

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের শীর্ষ নেতাদের পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামতে বলেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলের শীর্ষ নেতাদের পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামতে বলেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সংলাপে বসার আগে সরকারের এজেন্ডা জেনে নিতেও দলীয় নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। রোববার মিগ মামলার শুনানির দিনে আদালতে শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর তার আইনজীবী কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "শেখ হাসিনা বলেছেন, আন্দোলন ছাড়া ৫ দফা দাবি আদায় সম্ভব নয়। আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সর্বোপরি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি সম্ভব। এজন্য দলের শীর্ষ নেতাদের আন্দোলন গড়ে তুলতে বলেছেন তিনি।" সরকারের সঙ্গে প্রাক সংলাপ আলোচনায় আওয়ামী লীগ ৫ দফা দাবি দিয়েছিল। দাবিগুলো হচ্ছে- শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের তারিখ ঘোষণা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং '৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার। সংলাপের বিষয়ে হাসিনাকে উদ্ধৃত করে ওই আইনজীবী বলেন, "তিনি (হাসিনা) দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, সংলাপের সরকারি এজেন্ডা কী হবে, সেটা আগে জানতে হবে তারপর সংলাপে অংশ নেবেন। তবে যে কোনও উপায়ে হোক, সংলাপ সফল হতে হবে।" রোববার সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় বিচারক গোলাম মর্তুজা মজুমদার শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/জিএনএ/১৪১৪ ঘ.