ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংলাপে কারাবন্দী দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তিই হবে আওয়ামী লীগের প্রথম দাবি।
শুক্রবার সকালে জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে আওয়ামী মোটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তাকে বাদ দিয়ে কোনো নির্বাচন নয়। আমরা তা করতে দেবো না। সময় আসবে, আমরা তাকে নিয়েই নির্বাচন করবো।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংলাপের প্রথম শর্তই হবে শেখ হাসিনার মুক্তি।"
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দেবেন তাতে হাসিনার মুক্তি প্রসঙ্গে কোনো বক্তব্য আওয়ামী লীগ আশা করছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, "আমরা আশা করবো প্রধান উপদেষ্টা তার ভাষণে শেখ হাসিনার মুক্তির কথা বলবেন।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুরো দেশে ঘরোয়া রাজনীতি চালু করা হলে সেটাও কিছুটা পাওয়া হবে। তবে নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলতেই হবে।"
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী মোটর চালক লীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রানা, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড.হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১২২২ ঘ.
bdnews24