ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকালে বদরুদ্দোজা চৌধুরী তার প্রতিষ্ঠান কেসি মেমোরিয়াল ক্লিনিকে রাঙামাটি থেকে বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, "নির্বাচন হবে কী হবে না, এ নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকলেও আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন রোডম্যাপের পূর্ণ বাস্তবায়ন করবে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। "
তিনি আরো বলেন, "আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। তারা কখনো নির্বাচন বর্জন করেনি। বিএনপির ধানের শীষ প্রতীকপ্রাপ্তরাও নির্বাচনে যাবে। সুতরাং বিকল্পধারার নেতা-কর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।"
নির্বাচন কমিশন গৃহীত বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, "বেশ কিছু বিষয়ের মীমাংসা এখনো হয়নি। বিশেষ করে বেসামরিক প্রশাসনে এখনো বিএনপি-জামায়াতের ভুত সওয়ার হয়ে আছে। এদের না সরালে নির্বাচন নিরপেক্ষ হবে না।"
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব, অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য জয়নাল আবেদীন খান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবদুর রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯৫৪ ঘ.
bdnews24