ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি ঘুষের মামলায় মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও বসুন্ধরা গ্র"পের মালিক আহমেদ আকবর সোবহান শাহআলমসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক রূপক কুমার সাহা দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ পত্রে বলা হয়, বসুন্ধরা পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান ও শাহাদাত সোবহান এবং অপর পরিচালক আবু সুফিয়ানের নাম আসামীর তালিকার থেকে বাদ দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবর ৫০ কোটি টাকা ঘুষ দাবি করেন।
এতে বলা হয়, এরমধ্যে বাবর ও তারেক রহমান এবং তাদের সহযোগি মিয়া নূরুদ্দীন অপু এক কোটি নগদ ঘুষ নেন। এছাড়া বাবর নিজে আটটি চেকের মাধ্যমে ২০ কোটি টাকা ঘুষ নেন। আসামীরা এই ২০ কোটি টাকা অভিযোগপত্র ভূক্ত অপর আসামী ব্যবসায়ী কাজী সালিমুল হকের প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখেন।
অভিযোগপত্রে উল্লেখিত সাতজন ছাড়াও আরেক ব্যবসায়ী কাজী সালিমুল হক কামালকেও আসামী করা হয়েছে। এতে সাক্ষী করা হয়েছে ২৮জনকে।
গত বছর ৪ অক্টোবর রমনা থানায় ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলাটি দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক আবুল কাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/জিএনএ/১৫১৫ ঘ.
bdnews24