২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅনশন কর্মসূচির কথা জানিয়ে ডিএমপিকে আওয়ামী লীগের চিঠি

গণঅনশন কর্মসূচি পালনের কথা জানিয়ে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 07:19 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণঅনশন কর্মসূচি পালনের কথা জানিয়ে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি দলের উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক শনিবার ডিএমপি কমিশনার নাঈম আহমেদের কাছে হস্তান্তর করেন। চিঠি হস্তান্তরের পর মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৫ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য গণঅনশন কর্মসূচি পালনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তারা ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন। ডিএমপি কমিশনার নাঈম আহমেদ আওয়ামী লীগের চিঠিটি পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। দলীয় প্রধান শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে আওয়ামী লীগ ৫ মে রাজধানীতে গণঅনশন কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছে। একই দাবিতে এর আগে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজধানীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে এবং গণ স্বাক্ষর অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৩১২ ঘ.