ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের আলোচ্যসূচিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি অন্তর্ভুক্তির প্রস্তাব রেখেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত এই নেতার মত, সংলাপ সফল করতে হলে আলোচ্যসূচি আগেই ঠিক করা প্রয়োজন। অনির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান নয়- এ মন্তব্য করে তিনি বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন হয় ততই মঙ্গল।
মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সংলাপের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন মান্নান ভূঁইয়া।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ।
মান্নান ভূঁইয়া নির্বাচনের তারিখ নির্ধারণ, নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের ভূমিকা, সংসদ বর্জন বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের বৈধতা দেওয়া, আটক রাজনৈতিক নেতাদের মুক্তি ইত্যাদি বিষয়গুলো সংলাপের আলোচ্যসূচিতে রাখার প্রস্তাব করেন।
আলোচ্যসূচি আগেই নির্ধারণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আলোচ্যসূচি ঠিক করে সংলাপ ডাকলে সাফল্য আসবে।"
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আশা করছি। তবে যত তাড়াতাড়ি নির্বাচন হবে, ততই দেশের জন্য মঙ্গল। কারণ একটি অনির্বাচিত সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।"
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রান্তিক কৃষক-শ্রমিক-মজুরদের রক্ষায় সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত রেশন ব্যবস্থা চালুরও দাবি জানান মান্নান ভূঁইয়া।
তিনি বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। মেহনতি মানুষকে বাঁচাতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। সরকারের রাজস্ব ও উন্নয়ন বাজেটের প্রাপ্ত অর্থ খরচ করার ব্যবস্থা নিতে হবে যাতে দেশের প্রান্তিক মানুষের কর্মসংস্থান হয়।"
হাফিজউদ্দিন আহমেদ দলীয় কর্মীদের 'দাসত্বের' পরিবর্তে 'গণতন্ত্রী' হওয়ার আহ্বান জানান।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে 'মাথার মণি' আখ্যায়িত করে তিনি বলেন, "আমরা দলে গণতন্ত্রায়ন চেয়েছি। ঋণখেলাপি ও কালোটাকার মালিক ও মনোনয়ন বাণিজ্য বাদ দিয়ে সত্যিকারের নেতাদের মনোনয়ন দেওয়া ও নির্বাচিত কমিটির নেতৃত্ব চেয়েছি। এটাই আমাদের সংস্কার প্রস্তাব। এ চাওয়াটা কি অপরাধ?"
দলের ঐক্য না হওয়ার জন্য খোন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন অংশকে দায়ী করেন হাফিজউদ্দিন।
তিনি বলেন, "এই অনৈক্য বিএনপির দুর্গে ফাটল ধরিয়েছে। অপর স্রোতধারা ঐক্যের ডাকে কেন সাড়া দিচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ। কোন সূতার টানে এটা হচ্ছে, কে জানে।"
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, এএইচএম মোফাজ্জল করীম, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, নাজির হোসেন, অধ্যাপক রেজাউল করীম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এসকে/২০২৫ঘ.
bdnews24