ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির সমর্থনে প্রায় ২৫ লাখ মানুষের স্বাক্ষর সোমবার প্রধান উপদেষ্টার বরাবর জমা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তাদের একটি প্রতিনিধিদল বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় থেকে রওনা হয়ে সাড়ে এগারটার একটু পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাক্ষরের অনুলিপি জমা দেন।
কামরুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরের অনুলিপি গ্রহণ করেন।
তিনি জানান, এতে মোট ২৪ লাখ ৭৫ হাজার ৭শ' ৬৮ জন মানুষের স্বাক্ষর রয়েছে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজও প্রতিনিধি দলে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১২০৫ঘ.
bdnews24