২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলায় সরকারের আপিলের শুনানি অব্যাহত

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিলের শুনানি সুপ্রিম কোর্টে অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিলের শুনানি সুপ্রিম কোর্টে অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সরকারের আপিলের ওপর শুনানি গ্রহণ করেন। রোববার আবার এই শুনানি অনুষ্ঠিত হবে। ( আরো তথ্যসহ) শেখ হাসিনার পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, শেখ হাসিনার মর্যাদা বিবেচনা করে আজম জে চৌধুরীর মামলা জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় নয়। তিনি জরুরি ক্ষমতা আইন বিষয়ে শুনানিতে বলেন, জামিন আবেদন করা অভিযুক্তের অধিকার, এটি পুরনো সত্য। কিন্তু এখন স্বাধীনতা ও মুক্তি অনেক দামি। জরুরি অবস্থার মাধ্যমে আদালতের ক্ষমতা কেড়ে নেওয়া যায় না। আদালত জামিনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না এটা কোন সভ্য দেশে কল্পনা করা যায় না। ব্যারিস্টার হক বলেন, কারাগারে হাজার হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে ১০ ভাগ সাজাপ্রাপ্ত হতে পারে। বাকি ৯০ ভাগের কি হবে? তিনি বলেন, হাইকোর্ট বিভাগ তার ক্ষমতা প্রয়োগ করতে না পারলে সকল বিচারপতিদের সরাসরি আপিল বিভাগে নিয়োগ দেওয়া উচিত। গত ২৬ ফেব্র"য়ারি আপিল বিভাগ শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করেন। পাশাপাশি হাইকোর্টের রায় ও নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিতও রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ১৮ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করে সরকার। হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ও মামলাটি বাতিল ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি রায় দেয়। গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। হাসিনাকে গতবছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমএ/১৬২৪ঘ.