২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের পর এবার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন চাইলেন কোরেশী

এরশাদের দাবির একদিন পর জরুরি অবস্থা বহাল রেখে ডিসেম্বরে সংসদ নির্বাচন চেয়েছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী। তবে তিনি নির্বাচনের চার মাস আগে জরুরি অবস্থা শিথিলের পক্ষে মত দিয়েছেন। একইসঙ্গে সংসদের আগে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরশাদের দাবির একদিন পর জরুরি অবস্থা বহাল রেখে ডিসেম্বরে সংসদ নির্বাচন চেয়েছেন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী। তবে তিনি নির্বাচনের চার মাস আগে জরুরি অবস্থা শিথিলের পক্ষে মত দিয়েছেন। একইসঙ্গে সংসদের আগে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তিনি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় উপদেষ্টাদের সঙ্গে প্রাক সংলাপ বৈঠকের পর কোরেশী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "আমরা মনে করি জরুরি অবস্থা তুলে নিলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। ফলে নির্বাচনে সহিংসতা ঘটবে।" এর আগে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন দাবি করে বলেছিলেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তা স্বচ্ছ হবে। বনানীর কার্যালয়ে সভাপতিমন্ডলীর বৈঠক শুরুর আগে এরশাদ সাংবাদিকদের বলেন, "আমরা চাই জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হোক। কারণ, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন না হলে জেলে আটক থাকা রাজনীতিবিদরা বেরিয়ে আসবেন এবং ভোটে আবার টাকার খেলা হবে।" উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর কোরেশী জানান, পিডিপি নির্বাচনের আগে থানায় থানায় চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা টাঙিয়ে দেওয়া, স্থায়ী প্রতীক বরাদ্দ না রাখা, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, গ্রেপ্তারকৃত দুর্নীতিবাজদের বিচার কাজ শেষ করার দাবিও জানিয়েছে। পিডিপির অভিযোগ, ১/১১ এর আগে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারী দুইটি বৃহৎ রাজনৈতিক দলকে তত্ত্বাবধায়ক সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। বৈঠকে কোরেশীর নেতৃত্বে পিডিপির আট সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন- সাবেক সাংসদ তাজুল ইসলাম চৌধুরী, নুর মোহাম্মদ খান, কামরুন্নাহার জাফর, আবুল হাসান চৌধুরী, গোলাম সারওয়ার মিলন, অবসরপ্রাপ্ত মেজর রফিকুল হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম। উপদেষ্টাদের মধ্যে ছিলেন- যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ছিলেন। পিডিপি নেতা নুর মোহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''প্রাক সংলাপ বৈঠক সফল হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দিতেই রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছি আমরা।'' একই স্থানে মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশ এর চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টাদের প্রাক সংলাপ বৈঠক চলছে। প্রতিনিধি দলে আরও আছেন- মাহী বি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ ও জয়নাল আবেদীন খান। এর পর মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগমের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চার দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এলডিপির প্রতিনিধি দলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবীর তালুকদার, আবদুল করিম আব্বাসী ও দিদার বখত থাকতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/১৫৫০ ঘ.