জামালপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদারের দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার জামালপুরের সরিষাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন কমিশনের টাঙ্গাইল অঞ্চলের দায়িত্বে থাকা সহকারী পরিচালক দেওয়ান শফিউদ্দিন আহমেদ।
মামলায় সাবেক প্রতিমন্ত্রীর দুই ভাই শামীম তালুকদার ও হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার এবং তেল অপচয়ের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
শামীম তালুকদার সরিষাবাড়ি পৌরসভার চেয়ারম্যান।
ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সাবেক প্রতিমন্ত্রীর দুই ভাই এবং জামালপুরের যমুনা সার কারখানার সিবিএ সভাপতি শাহ্ মোর্শেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, চারদলীয় জোট সরকারের সময় আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যমুনা সার কারখানার গাড়ি ব্যবহার এবং ৩২ লাখ টাকার সরকারি তেল অপচয় করেছেন।
মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24