ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের আমন্ত্রণপত্র পেয়ে বিএনপির 'সংস্কারপন্থী' অংশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, খোন্দকার দেলোয়ার হোসেনসহ ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়েই সংলাপে যাবেন।
মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে বনানীর বাসায় তাৎক্ষর্ণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে মেজর হাফিজ এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপের চিঠি পেয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান সাহেবের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মকৌশল ঠিক করব। আমি খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গেও আলাপ করব। ঐক্যবদ্ধভাবেই আমরা সংলাপে যাব।"
নির্বাচন কমিশন মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বিশেষ বার্তাবাহকের মাধ্যমে হাফিজের বনানীর বাসায় চিঠি পৌঁছায়। এরপরই হাফিজ বলেন, "সিনিয়র নেতাদের সাথে আলোচনা করেই সংলাপে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।"
তিনি বলেন, "খালেদা জিয়াই বিএনপির চেয়ারপারসন ও নেত্রী। আমরা আইনি প্রত্রিয়ার মাধ্যমে তার মুক্তি চাই।"
সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার সময় সেখানে উপস্থিত ছিলেন চেয়ারপাসরনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করিম, সাবেক সাংসদ নজির হোসেন, ফজলুল আজিম, সাখাওয়াত হোসেন বকুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমএইচবি/২০৩৮ ঘ.
bdnews24