২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে যাওয়া নিয়ে আ'লীগে প্রশ্ন আছে: মান্না

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে সংশয় জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংলাপ হলেও সেখানে অংশ নেওয়ার বিষেয়ে তার দলের নেতাকর্মীদের প্রশ্ন রয়েছে। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে 'কোয়ালিশন ফর গুড গভর্নেন্স' আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে সংশয় জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংলাপ হলেও সেখানে অংশ নেওয়ার বিষেয়ে তার দলের নেতাকর্মীদের প্রশ্ন রয়েছে। । জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে 'কোয়ালিশন ফর গুড গভর্নেন্স' আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। সরকার সংলাপের এজেন্ডা এখনো ঠিক করতে পারেনি জানিয়ে মান্না বলেন, "সংলাপ কি আসলে হবে? যদি হয়ও তাহলে আওয়ামী লীগের যাওয়া কি উচিত হবে- এমন প্রশ্ন এখন আমার দলের সবাই করছে।" 'রাজনৈতিক দলসমুহের সাথে সংলাপ এবং জনগণের প্রত্যাশা' শীর্ষক ওই সেমিনারে হাসিনার মুক্তি দাবি করে মান্না বলেন, "মুক্ত অবস্থায় নেত্রীকে সংলাপে বসতে দিতে হবে।" তিনি বলেন, "শেখ হাসিনা দোষী হলে তাকে শাস্তি দিন। কিন্তু এভাবে বিনা বিচারে তাকে আটকে রাখার কোনো মানে নেই।" সেমিনারে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, "সংলাপ কতটুকু সফল হবে তা নির্ভর করছে সরকারের আন্তরিকতার ওপর। সরকার আন্তরিক না হলে সংলাপ সফল হবে না।" জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, "দেখেশুনে মনে হয় মোল্লাদের জন্য জরুরি অবস্থা নেই, কিন্তু নারীদের জন্য রয়েছে। জরুরি অবস্থা রাখলে সরবার জন্য রাখুন না হয় তুলে দেন।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির সাবেক সাংসদ শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, জাতীয় পার্টির জিএম কাদের প্রমুখ। মূল প্রবন্ধ পড়েন মাহবুবুল হক রিপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এসএনডি/জিএনএ/১৭০২ ঘ.